জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের মন্ডল বাজার এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় এক সাংবাদিক। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক মো. শামছুল হুদা (রতন) দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব-এর সভাপতি এবং দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি। অভিযোগ রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর দেওয়ানগঞ্জ পৌর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহম্মেদের নেতৃত্বে এ হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক আহম্মেদের সঙ্গে জিন্নাহ, বাবু, রিপন, সিফাত ও বালুগ্রামের সুমন মিয়াসহ কয়েকজন এ ঘটনায় অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
সাংবাদিক শামছুল হুদা জানান, নির্বাচনের পরবর্তী সময়ে ওই এলাকায় জামায়াত সমর্থিত কিছু নেতাকর্মীর ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগের তথ্য সংগ্রহ করতে গেলে যুবদল নেতা ফারুক আহম্মেদ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ‘আওয়ামী ট্যাগ’ দিয়ে হামলার নির্দেশ দেন। এরপরই তার ওপর হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।
ঘটনার সময় দেওয়ানগঞ্জ পৌর বিএনপি-এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি পরিস্থিতি শান্ত করেন বলে জানা গেছে। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।