কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিতে হালচাষের কাজে ব্যবহৃত ট্রাক্টর উল্টে অমিত হাসান (২৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদীগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমিত হাসান ছয়সূতী পূর্বপাড়া গ্রামের প্রয়াত কামাল মিয়ার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ করছিলেন অমিত হাসান। একপর্যায়ে ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদীগামী সড়ক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অমিত হাসানের মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।