বগুড়ার কাহালু উপজেলায় মাদকদ্রব্যসহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জামগ্রাম ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কাহালু থানার এসআই (নিঃ) সুজল চন্দ্র দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন ডিউটি ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে স্থানীয় ইউপি সদস্য মো. রাকিবুর রাশেদীন রিপনের কাছ থেকে সংবাদ পান যে, কয়েকজন ব্যক্তিকে মাদকদ্রব্যসহ স্থানীয় লোকজন আটক করে রেখেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় শতাধিক মানুষের উপস্থিতিতে চারজনকে আটক অবস্থায় দেখতে পায়। আটককৃতরা হলেন মো. রতন (৪১), মো. বাদশা সোনার (৪৮), মো. আতাউর রহমান (৪৬) এবং মো. আলমগীর (৪০)।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হলে মো. রতনের কাছ থেকে ১০ পিস এবং মো. বাদশা সোনারের কাছ থেকে ১০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মো. আতাউর রহমান ও মো. আলমগীরের কাছ থেকে ১০ পিস করে মোট ২০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol 100 mg) ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে মোট ২০ পিস ইয়াবা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট রয়েছে। ওজন পরিমাপ করে ইয়াবার মোট ওজন প্রায় ২ গ্রাম এবং ট্যাপেন্টাডল ট্যাবলেটের মোট ওজন প্রায় ৮ গ্রাম পাওয়া যায়। উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/২৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আটককৃত কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও মাদক ও অন্যান্য মামলার তথ্য সিডিএমএস যাচাইয়ে পাওয়া গেছে। আটককৃতদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেপ্তার এক নারীসহ আরও চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। সব মিলিয়ে এদিন মোট আটজন আসামিকে থানা হাজত থেকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।