গাজীপুরের কাশিমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ছাত্র রাকিবুল ইসলাম রাজুকে মাথায় গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনসহ বিভিন্ন মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে শনিবার (১৫ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট কাশিমপুরের চক্রবর্তী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং পরে রাকিবুল ইসলাম রাজু নামে এক ছাত্রকে মাথায় গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের কাশিমপুর থানা শাখার সাবেক সভাপতি ও ছাত্রলীগ নেতা মাসুম আহম্মেদ দিপুকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকা থেকে ইসমাইল হোসেন মোল্লা এবং পানিশাইল এলাকা থেকে মারুফ ইসলামকে আটক করা হয়।
অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে বারেন্ডা এলাকার নিজাম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে সোহেল মোল্লার বাড়ি থেকে ১০ পিস ইয়াবাসহ মো. সোবাহানকে আটক করেছে পুলিশ। এছাড়া সারদাগঞ্জ এলাকার একটি প্যাকেজিং কারখানার সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ শ্রী মুকুল চন্দ্র সরকারকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, বিভিন্ন মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম ও মামলার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে শনিবার তাদের গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কাশিমপুর থানার পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান জোরদার করা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।