ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনকে সমর্থন করায় শাজাহান নামে এক পোশাকশ্রমিককে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার স্বজনদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভাদাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে অভিযুক্তরা হলেন—আব্দুল গফুর মিয়ার মামাতো ভাই শরীফ, আরিফ, হিরণ ও মামা কুরবান আলী।স্থানীয় সূত্রে জানা গেছে, শাজাহান ওই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন পোশাকশ্রমিক। তিনি আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনের সমর্থনে কাজ করছিলেন। এই কারণে গফুর মিয়ার স্বজনরা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
আহত শাজাহানকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।