রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খিয়ারডাঙ্গা সরকারি কবরস্থানের সীমানা থেকে ১৯ টি ইউক্যালিপটাস গাছ অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় দুই ভাই ও এক গাছ ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাছগুলো বর্তমানে ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শ্রমিকদের দিয়ে কবরস্থানের সীমানায় থাকা গাছ কাটা শুরু হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, কিসামত মেনানগর তেলিপাড়া গ্রামের আজিজার রহমান (৫৮) ও তার ভাই মর্তুজা মিয়া সরকারি গাছগুলো স্থানীয় ব্যবসায়ী আতাউর রহমানের কাছে ৭০ হাজার টাকায় বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তারাগঞ্জ উপজেলা প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়ের তদারকিতে সোমবার বিকেলে ডাঙ্গীরহাট বাজার এলাকার একটি স’ মিল থেকে কাটা গাছের গোলই উদ্ধার করা হয়।
গত সোমবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য মজুমদার রহমান বাদী হয়ে তারাগঞ্জ থানায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযুক্ত আজিজার ও মর্তুজা রহমান দাবি করেছেন, গাছগুলো তাদের ব্যক্তিগত জমির আইলে রোপণ করা হয়েছিল। তবে প্রশাসনের প্রাথমিক তদন্তে গাছগুলো সরকারি কবরস্থানের সীমানার ভেতরে ছিল বলে প্রতীয়মান হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন, “সরকারি সম্পদ আত্মসাতের কোনো সুযোগ নেই। উদ্ধারকৃত গাছের গোলই জব্দ করা হয়েছে এবং নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।