রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিনিবার জুনিয়র ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াছ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান, অর্থ সম্পাদক শান্ত বড়ুয়া আপন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় ক্রীড়ানুরাগীরা। এ সময় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৮টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন এলাকার প্রতিভাবান কিশোর ফুটবলাররা অংশগ্রহণ করে। পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য ও শৃঙ্খলাপূর্ণ খেলা দর্শকদের মুগ্ধ করে।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় জাকিরাবাদ জুনিয়র ফুটবল টিম ও দক্ষিণ ঘাটচেক ফাইভ স্টার ফুটবল স্কোয়াড। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ১-০ গোলে জাকিরাবাদ জুনিয়র ফুটবল টিমকে পরাজিত করে দক্ষিণ ঘাটচেক ফাইভ স্টার ফুটবল স্কোয়াড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি ক্রীড়া ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজ গঠনে রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদ সক্রিয় ভূমিকা পালন করে যাবে।