সাভারের রাজাশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপ্লব হাসান (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। অভিযানে তার কাছ থেকে ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত বিপ্লব হাসান জামালপুর জেলার মেলান্দহ থানার কাজাইকাঁটা গ্রামের খাইরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাভারের রাজাশন এলাকার পালোয়ানপাড়ায় রাজু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং ওই এলাকা থেকেই মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে জানা গেছে।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন জানান, “গোপন সূত্রে জানতে পারি যে, রাজাশন এলাকায় ইয়াবা বিক্রির জন্য কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে বিপ্লব হাসানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।”
বিপ্লব হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।