পাবনার ফরিদপুর উপজেলায় বড়াল নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ২৭ জুন দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পৌরসভার উত্তর থানা পাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
উত্তর থানা পাড়ার বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে জোবায়ের(০৯) গোসল করতে গিয়ে নদীতে পড়ে যায়। পানির স্রোতে ভেসে যেতে থাকা জোবায়েরকে বাঁচাতে এগিয়ে যায় তার প্রতিবেশী ও বর্তমান পৌর কাউন্সিলর আবু শ্যামার কন্যা তন্নী(১১)।
তন্নী অল্প অল্প সাঁতার জানলেও সাহস করে নদীতে ঝাঁপ দেয় বন্ধুকে বাঁচাতে। কিন্তু প্রবল স্রোতের কারণে সেও পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে তাদের দুজনকেই উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত। শিশুদের আত্মার মাগফিরাত কামনা করে এলাকাব্যাপী দোয়ার আয়োজন চলছে।