বাগেরহাটের শরণখোলায় থানা পুলিশের এক শ্বাসরুদ্ধকর ও দুঃসাহসিক অভিযানে এলাকার চিহ্নিত শীর্ষ মাদক কারবারি ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ইলিয়াস তালুকদার (৪১)-কে আটক করা হয়েছে। এসময় তার অপর এক সহযোগী সোহাগকেও আটক করেছে শরনখোলা থানা পুলিশ।পরে ইলিয়াসের বাসায় অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত রবিবার (২ আগস্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার রায়েন্দা বাজারের ওয়াপদা কলোনি এলাকায় শরনখোলা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত ইলিয়াসের বাবা হলো ঐ একই এলাকার মৃত হাসেম তালুকদার। তার সহযোগী হিসেবে আটককৃত সোহাগ হলো উত্তর আমড়াগাছিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানমের নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার ওয়াপদা কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ইলিয়াস ওয়াপদা কলোনির বাউন্ডারি ওয়াল টপকে পাশের খালে ঝাঁপিয়ে পড়ে এবং পানিতে ডুব দিয়ে কিছুটা সময় আত্মগোপনে থাকার চেষ্টা করে। দায়িত্বরতঃ পুলিশও খালে ঝাঁপিয়ে পড়ে এবং তল্লাশি চালিয়ে এক পর্যায়ে খালের পাশে ঝোপের নিচ থেকে ইলিয়াসকে আটক করতে সক্ষম হয় ।
আটকের সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা,১৮ পিস ইয়াবা এবং নগদ ২৯ হাজার ৫৭৫ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় তার বাসায় তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, চাপাতি,ছুড়িসহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে অভিযানকারী আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়দের অনেকে অভিযোগ করেন, ইলিয়াস দীর্ঘদিন ধরে এলাকায় দাপটের সাথে পেশী শক্তি ব্যবহার করে ইয়াবা ও গাঁজাসহ নানা ধরনের মাদকের ব্যবসা করে যাচ্ছিল। অনেকে এগুলো সচক্ষে দেখলেও ভয়ে মুখ খুলতে পারেনি। তার অধীনে একটি সক্রিয় মাদক চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিল। এর আগেও এই মাদক কারবারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল।কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই জামিনে বেরিয়ে এসে আবারও সে পুরোপুরি মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, ইলিয়াসের বিরুদ্ধে শরণখোলা থানায় ৮টি এবং তার সহযোগী সোহাগের বিরুদ্ধে ২টি মামলা চলমান রয়েছে।
দীর্ঘদিনের এই মাদক কারবারির গ্রেপ্তারের খবরে এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে। ঐ এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধিকে জানান,ইলিয়াস মাদকের এই ব্যবসা অনেক আগে থেকেই প্রকাশ্যে করে আসছিল কিন্তু এলাকার কেউ ভয়ে তাকে কিছু বলতে পারেনি। তার এই মাদক ব্যবসার সাথে আরও অনেক রাঘব বোয়ালরা জড়িত থাকতে পারে বলেও তিনি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, গ্রেপ্তারকৃত ইলিয়াসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি নতুন মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে তাকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।