ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নে মির্জা বাজার হতে রুহি পাগাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তাটি এখন জনদুর্ভোগের অপর নাম। বছরের পর বছর ধরে রাস্তাটি সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই এটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, সড়কটির এক কিলোমিটার অংশজুড়ে বড় বড় গর্ত আর কাদার স্তূপ। বৃষ্টির দিনে এই রাস্তা দিয়ে হেঁটে চলাই দায় হয়ে পড়ে। জনগুরুত্বপূর্ণ এই পথে একটি মাদরাসা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় প্রতিদিন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। স্থানীয়রা বাধ্য হয়েই খানাখন্দে ভরা রাস্তায় বাঁশ দিয়ে সাঁকো বানিয়ে যাতায়াত করছেন, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে অবহেলিত এই সড়কটি দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সঠিক সময়ে ক্লাসে পৌঁছাতে পারছে না। কাদা আর পিচ্ছিল পথে পড়ে গিয়ে প্রায়ই পোশাক নষ্ট হওয়া এবং ছোটখাটো দুর্ঘটনার শিকার হতে হয় শিক্ষার্থীদের। কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে আনতে চরম বাধার সম্মুখীন হচ্ছেন।
রুহি পাগাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, “রাস্তা খারাপ থাকায় বর্ষাকালে স্কুলে আসতেই ভয় লাগে। পিচ্ছিল রাস্তায় পড়ে যাওয়ার ভয়ে অনেকেই স্কুলে আসতে চায় না, এতে আমাদের পড়াশোনায় অনেক ক্ষতি হচ্ছে।”
ভুক্তভোগী এলাকাবাসী জানান, বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিলেও রাস্তাটি পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল একজন উন্নয়নমুখী মানুষ, তাই তার কাছে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত পাকা করার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, রাস্তাটি দ্রুত সংস্কার ও পাকাকরণ করা না হলে এলাকার শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা আরও স্থবির হয়ে পড়বে। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন এলাকাবাসী