খুলনার পাইকগাছায় আরএফএল (RFL) কোম্পানির (এসআর) বিশ্বজিৎ দেউড়ি (২৫)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সহকর্মী ও রুমমেট, আরএফএল-এর সহকারী টেকনিশিয়ান অন্তর সরকার (২৩) মোটরসাইকেলসহ নিখোঁজ রয়েছেন।
পুলিশ জানায়, পৌরসভার হাসপাতাল রোড এলাকায় ভাড়া বাসায় গত দুই মাস ধরে একসঙ্গে থাকতেন ঝালকাঠির বিশ্বজিৎ ও মাদারীপুরের অন্তর। সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তারা একসঙ্গে নাস্তা করেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত দুজনের মোবাইল ফোন বন্ধ থাকায় সহকর্মী নয়ন রায় বাসায় গিয়ে দরজার সামনে রক্ত ও রক্তমাখা একটি ছুরি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিশ্বজিৎ দেউড়ির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার দুপুর ১টার মধ্যে কোনো একসময় তাকে হত্যা করা হয়। হত্যার পর ঘরে তালা লাগিয়ে অন্তর সরকার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান বলে পুলিশের ধারণা।
এ ঘটনায় সহকারী পুলিশ সুপার(ডি সার্কেল) আমীর হামজা ও ওসি (অপারেশন) জুলফিকার আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং পলাতক অন্তর সরকারকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।