চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে রুমা আকতার সীমা (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের শরীফপাড়া এলাকার আলী চান তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রুমা আকতার সীমা ওই এলাকার প্রবাসী জানে আলমের স্ত্রী। তাদের সংসারে সাত বছর বয়সী এক ছেলে ও দুই বছর বয়সী এক মেয়ে রয়েছে।
নিহতের ভাই সাকিব অভিযোগ করে বলেন, সীমার স্বামী বিদেশে অবস্থান করছেন। তার শাশুড়ি মারা যাওয়ার পর শ্বশুর দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে শ্বশুর ও তার দ্বিতীয় স্ত্রী সীমাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করে আসছিলেন।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’