বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাংগারহাট ( চরকালেখান নতুন) হাটের পাশ দিয়ে সাংবাদিক এস এম জহিরুল ইসলামের বাড়ী হয়ে জিন্নাত আলী মাতুব্বর বাড়ী পর্যন্ত প্রায় ১ কিলোমিটার ইট বিছানো রাস্তা ( হেরিং বন) উন্নয়ন কাজ পিচ ঢালাই করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু দিন আগে কাজ শুরু করে। রাস্তার পুরানা ইট সরিয়ে মাটি কেটে মাঝখানে খালের মত করে দীর্ঘদিন ফেলে রাখছে। এতে করে কয়েক গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সামান্য বৃষ্টিতেই হাটু পানি হয়ে যায়। পথচারীরা কোথাও যেতে না পেরে ঘর বন্দি হয়ে থাকে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক কাজকর্ম চরমভাবে ব্যাহত হয়ে। স্কুল কলেজগামী শিক্ষার্থীদের অবস্থা বেহাল। ছোট ছোট কোমলমতি শিশুরা দীর্ঘদিন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। ফলে তাদের শিক্ষা জীবনের চরম ক্ষতি হচ্ছে। এই রাস্তা দিয়ে ভ্যান রিকসা চলাচল করতে না পারায় নির্মাণ সামগ্রী না আনতে পারায় অনেকেরই নির্মাণ কাজ থেমে আছে।
স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহনের উদোগ লক্ষ্য করা যায় না। এ বিষয়ে এলজিআরডি এর মুলাদী উপজেলা প্রকৌশলী এ প্রতিবেদককে ফোনে জানান ঐ রাস্তার ঠিকাদাররা অন্য আরও দুটো রাস্তার কাজ করছে। শেষ হলে এই রাস্তার কাজ শুরু করবে। উপজেলা প্রকৌশলী আরও জানান রাস্তার উন্নয়ন কাজের অর্থ বরাদ্দ সংকট রয়েছে। তিনি বলেন জনদুর্ভোগ কমাতে ঠিকাদারকে কাজ শুরু করার জন্য অনুরোধ করা হয়েছে।