কুমিল্লার দাউদকান্দি উপজেলায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে দাউদকান্দি উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসরিন আক্তার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা রেদওয়ান ইসলাম।
তিনি বলেন, ভূমি সেবা মেলা উপলক্ষে সর্বোচ্চ সরকারি রাজস্ব আদায়ে ভূমি মালিকদের পুরস্কৃত করা হবে। এছাড়া ভূমি সংক্রান্ত কোনো সমস্যা বা তথ্য জানার প্রয়োজন হলে তা লিখিত আকারে ইউনিয়নভিত্তিক নায়েবের নিকট জমা দিলে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে। তিনি সকলকে নিয়মিত ভূমি কর ও ট্যাক্স প্রদানের আহ্বান জানিয়ে বলেন, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি দেশের উন্নয়ন কাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হবে।