শেরপুর জেলা পুলিশ কর্তৃক পরিচালিত ‘পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন’ (প্লেস) সরেজমিন পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার ও প্লেসের সভাপতি এ, কে, এম জহিরুল ইসলাম।
মঙ্গলবার (০৫ মে) পরিদর্শন উপলক্ষে নবাগত পুলিশ সুপার মহোদয় ‘প্লেস’ প্রাঙ্গণে উপস্থিত হলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অতঃপর পুলিশ সুপার মহোদয় প্লেসের একাডেমিক কার্যক্রম, বর্তমান অবকাঠামো এবং সামগ্রিক শিক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন ও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন।
এসময় তিনি কোমলমতি ছাত্র-ছাত্রীদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা-সহ শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও আধুনিক শিক্ষা পদ্ধতি বাস্তবায়নের ওপর জোর দিয়ে তিনি সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও প্লেসের পরিচালক মোঃ মিজানুর রহমান ভূঁঞা; প্লেসের প্রধান শিক্ষক মুহাম্মদ হামিদুজ্জামান ও অন্যান্য সম্মানিত শিক্ষকমণ্ডলীগণ উপস্থিত ছিলেন।