চট্টগ্রামের পটিয়া উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ পটিয়া শাখা। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।রবিবার (৮ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাব–এর সভাপতি আবদুল হাকিম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখা–এর সভাপতি এস এম এ জুয়েল। এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পটিয়া শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, শুভসংঘের বন্ধু মোঃ ইব্রাহীম চৌধুরী, আনিসুল ইসলাম, মোঃ ফখরল নাঈম ও মোঃ রাইয়ানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে অসহায় ও নিম্ন আয়ের পরিবারের হাতে চাল, ডালসহ বিভিন্ন ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বসুন্ধরা শুভসংঘের মূল লক্ষ্য।ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।