চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় পাহাড় কেটে রির্সোট নির্মাণের নামে প্রাকৃতিক পরিবেশ বিনষ্টের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের সত্যপীর মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) ও নির্বার্হী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
এসময় পাহাড় কেটে প্রাকৃতিক পরিবেশ বিনষ্টের অপরাধে শহিদুল ইসলাম (৩৫) নামে একজনকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। শহিদুল ইসলাম সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া গ্রামের হাজী বেলাল আহমদের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, বুধবার দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের সত্যপীর মাজারের পাশে, বান্দরবান মহাসড়ক সংলগ্ন এলাকায় পাহাড় কেটে রির্সোট নির্মাণের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে শহিদুল ইসলামকে পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নির্বার্হী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, প্রাকৃতিক পরিবেশ ও জনস্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।