কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গৌরীপুর বাসস্ট্যান্ড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর অংশে এলোমেলোভাবে সিএনজি অটোরিকশা উল্টো পথে চলাচল ও যেখানে সেখানে থামিয়ে রাখার ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
বিশেষ করে গৌরীপুর থেকে হোমনা সড়কে যানজটের মাত্রা বেশি দেখা যাচ্ছে। সড়কের দু’পাশে অবৈধভাবে ভাসমান দোকান বসানো, ফুটপাত দখল এবং যথাতথা গাড়ি পার্কিংয়ের কারণে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে।
স্থানীয়রা জানান, যানজটের কারণে জরুরি কাজে বের হওয়া মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনও দীর্ঘ সময় আটকে থাকছে। দ্রুত অবৈধ দোকান উচ্ছেদ, সিএনজি চলাচলে শৃঙ্খলা আনা এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।