নরসিংদীর আলোকবালি চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন, এর মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলী ও বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সংঘর্ষে একপর্যায়ে গুলি ছোড়া হয়।
নরসিংদী মডেল থানার এসআই নাসিম মিয়া বলেন, “এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন।”এদিকে সংঘর্ষে আহতদের সংবাদ সংগ্রহ করতে নরসিংদী সদর হাসপাতালে গেলে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির নরসিংদী জেলা প্রতিনিধি শেরু (আইয়ুব খান) আহত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে প্রশাসনের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি।