বগুড়া শহরের ব্যস্ত সড়কগুলোতে প্রতিদিন হাজারো মানুষের পদচারণা। ব্যবসা, শিক্ষা কিংবা কর্মক্ষেত্রে গন্তব্যে পৌঁছাতে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। এই যানজট কমিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ সালেকুজ্জামান খান।
শহরের সাতমাথা, বড়গোলা, মফিজ পাগলার মোড় ইয়াকুবিয়া মোড় ও সেউজ গাড়ির মোড়ে সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে প্রায়শই দেখা যায় তাকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে। আধুনিক পরিকল্পনা, একমুখী সড়ক ব্যবস্থা ও সিসি ক্যামেরা নজরদারির মাধ্যমে তিনি যান চলাচল সহজ করেছেন। স্থানীয় ব্যবসায়ী সানিভা ট্রেড ইন্টারন্যাশনাল এমডি সাইফুল ইসলাম বলেন, “আগে যেখানে আধা ঘণ্টা লেগে যেত, এখন ১০ মিনিটেই কাজ সেরে ফেলা যায়।”
যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্ঘটনা রোধেও কার্যকর ব্যবস্থা নিয়েছেন তিনি। বেপরোয়া গাড়িচালনা বন্ধে নিয়মিত চেকপোস্ট বসানো, হেলমেট ছাড়া বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা ও স্কুল-কলেজে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি।
টিআই সালেকুজ্জামান খান মনে করেন, জনগণের সহযোগিতা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। তার ভাষায়, “সবাই আইন মেনে চললে বগুড়া হবে মডেল শহর।”
শহরবাসী বিশ্বাস করেন, তার সৎ ও আন্তরিক নেতৃত্বে বগুড়ার ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত ও আধুনিক রূপ নেবে।