কক্সবাজারে ১৪ হাজার পিস ইয়াবাসহ মোঃ সরোয়ার (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সদর থানাধীন কালুর দোকান এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (রামু, কক্সবাজার) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭ (চট্টগ্রাম)-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এসআরবি-১৫ এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ সরোয়ার চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপাদিয়া এলাকার মোসলেম মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ সেপ্টেম্বর দুপুর ১২:৫০ ঘটিকায় এসআরবি’র যৌথ দল কক্সবাজার সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, কালুর দোকান এলাকার বার্মিজ মার্কেট রোড সংলগ্ন মেসার্স হাফেজ আহমেদ চৌধুরী গ্যাস পাম্পের সামনে এক ব্যক্তি মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে। সংবাদ পেয়ে দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় আভিযানিক দল সেখানে পৌঁছালে পালানোর চেষ্টাকালে সরোয়ারকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে স্কচটেপ পেঁচানো ৭টি বান্ডেলে মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক কেনাবেচায় ব্যবহৃত ২টি বাটন মোবাইল ফোন এবং নগদ ৩৪০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে মিয়ানমার ও সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।