সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় মুমিন (৪০) নামে এক সিএনজি চালককে পিটিয়ে হত্যা করেছে চাঁদাবাজ মিলন । এ হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে।
বুধবার (২০ মে ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি স্ট্যান্ডে মৃত ব্যক্তির লাশ নিয়ে বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়। স্থানীয়রা জানান, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড থেকে বাংলাবাজার সড়কে চলাচলকারী সিএনজি ও অটোরিকশা থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করতেন লাইনম্যান মিলন।
গত শনিবার ওই স্ট্যান্ডে মুমিন তার সিএনজি নিয়ে গেলে তার কাছ থেকে ১০ টাকা চাঁদা দাবি করেন লাইনম্যান মিলন। টাকা আগেই পরিশোধ করা হয়েছে বলে মুমিন জানালে লাইনম্যান ক্ষিপ্ত হয়ে মনিরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে লাইনম্যান সিএনজি চালক মুমিনের মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে মুমিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার ভোর সাড়ে ৬টায় মুমিনের মৃত্যু হয়।
মুমিনের লাশ এলাকায় পৌঁছালে এলাকাবাসী লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে মহাসড়ক অবরোধ করে মুমিন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে। বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা থেকে চট্টগ্রামগামী লেন পুরোপুরি বন্ধ করে দিলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এলাকাবাসী জানায়, দড়িকান্দি এলাকার বিএনপি নেতাদের ছত্রছায়ায় এই স্ট্যান্ডে চাঁদাবাজি চলছে।
সিএনজি চালক মুমিনের স্বজনরা জানান, লাইনম্যান মিলন শনিবার সিএনজি চালক মুমিনকে পিটিয়ে আহত করলেও থানা পুলিশ কোনো ধরনের অভিযোগ গ্রহণ করেনি।