সিলেটের সীমান্ত এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত একাধিক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ ও ১৩ নভেম্বর রাতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকা কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ও হোয়াইটটোন ফেসওয়াস, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছসহ বালু উত্তোলনকারী একটি নৌকা আটক করা হয়।
এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজসহ তিনটি গাড়ি আটক করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত সকল মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকা।
আজ (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। জাল টাকা ও অস্ত্র পাচার রোধে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।