নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সার্কেল ভূমি অফিসে নামজারি (মিউটেশন) ও বিভিন্ন মিস কেসের শুনানিতে নির্ধারিত সময়ে কর্মকর্তার উপস্থিতি না থাকার অভিযোগ উঠেছে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভূমি অফিসে সেবা নিতে আসা একাধিক আবেদনকারী জানান, শুনানির নির্ধারিত সময় উল্লেখ থাকলেও অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের মূল্যবান সময় নষ্ট হওয়ার পাশাপাশি অতিরিক্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।
ভুক্তভোগীদের মতে, নামজারি, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং অন্যান্য ভূমি সেবার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ অফিসে আসেন। কিন্তু নির্ধারিত সময়ে শুনানি কার্যক্রম শুরু না হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। তারা ভূমি সেবার ক্ষেত্রে সময়ানুবর্তিতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযান কর এর বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎকার দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, হঠাৎ কেন আমার সাক্ষাৎকার নিতে চান? আমি কোনো সাক্ষাৎকার দেব না। আপনারা জেলা প্রশাসকের সাক্ষাৎকার নেন।
পরে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি খবর নিচ্ছি।
সুশাসন ও জনসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, সময়ানুবর্তিতা এবং সেবাগ্রহীতাবান্ধব আচরণ নিশ্চিত করা জরুরি। অন্যথায় সাধারণ মানুষের মধ্যে সরকারি সেবা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মতে, সরকারি কর্মকর্তা হিসেবে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্য প্রদান ও গণমাধ্যমের প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত। পাশাপাশি সেবাগ্রহীতাদের অভিযোগের যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।