কোম্পানীগঞ্জে পিকআপ-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ও সর্বস্তরের শ্রমিকদের উদ্যোগে এক বৃহৎ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।
সভাটি অনুষ্ঠিত হয় কোম্পানীগঞ্জ ট্রাক-পিকআপ কাভার্ড ভ্যান আঞ্চলিক শাখার সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বোরহানউদ্দিন ফরহাদ খন্দকারের সঞ্চালনায়।
অনুষ্ঠানের শুরুতে ছাত্র হাসান আহমদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, এবং জেলা শ্রমিক ও যুবদল নেতৃবৃন্দ আবুল বাশার বাদশা, কাউছার আহমদ, নাজির আহমদ স্বপন, কয়ছর আলী, সুহেদ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমজীবী মানুষ দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং ন্যায্য মজুরি প্রদান এখন সময়ের দাবি।
প্রধান অতিথি আরিফুল হক চৌধুরী বলেন,
“বিএনপি ক্ষমতায় এলে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারী নিয়ন্ত্রণ ও খুলে দেওয়ার কার্যক্রম পুনর্গঠন করা হবে। টেকসই উপায়ে খনির নিয়ন্ত্রণ, শ্রমিকদের স্বার্থরক্ষা এবং পরিবেশ সংরক্ষণের সমন্বয়ে নীতিমালা গ্রহণ করা হবে।”