দিনাজপুরের বিরল উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এ ঐতিহাসিক ঘোষণার শুভ উদ্বোধন করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য পিনাক বলেন, “একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে শিশুদের সুরক্ষা এবং তাদের সঠিক বিকাশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাল্যবিবাহ ও শিশুশ্রম সামাজিক অভিশাপ। সমাজ থেকে শিশুশ্রম প্রতিরোধ এবং ঝরে পড়া রোধে সকল স্তরের জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন সমাজকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আজ বিরল উপজেলা যে দৃষ্টান্ত স্থাপন করল, তা ধরে রাখা আমাদের সবার দায়িত্ব।”
বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিরল এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় “সবাই মিলে সচেতন বন্ধ হবে শিশু শ্রম” এবং “আমার উপজেলা আমার দায়িত্ব, আমার উপজেলা হবে বাল্যবিবাহ মুক্ত”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ইন্টারিম এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন:
উপজেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ: উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান এবং ০৯ নং মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম।
প্রশাসন ও কর্মকর্তা বৃন্দ: বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন ও উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রতিনিধি: ডেপুটি ডিরেক্টর (নর্দার্ন বাংলাদেশ ক্লাস্টার) রাজু উইলিয়াম রোজারিও, এডভোকেসি কো-অর্ডিনেটর (পার্টনারশিপ) তানজিমুল ইসলাম, বিরল এপি প্রোগ্রাম অফিসার গোলাম সাকলাইন, প্রদিপ রায় এবং চাইল্ড প্রটেকশন অফিসার বিপ্লব ক্লেমে মন্ডল।
শিক্ষা ও সামাজিক সংগঠন: ফরক্কাবাদ নুরুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কায়ছার আলী এবং মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াকুব আলী।
আলোচনা সভা শেষে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া পুরোপুরি রোধ করার জন্য উপস্থিত সকলকে একাত্ম করে বিশেষ শপথ বাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, শিশু ও যুব ফোরামের নেতৃবৃন্দ, ভিডিসি, সিবিও এবং বাল্যবিবাহ ও শিশুশ্রমের হাত থেকে ফিরে আসা শিশুরা উপস্থিত ছিলেন। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।