সুনামগঞ্জের জগন্নাথপুরে শামীম হত্যা মামলার প্রধান আসামি মো. রবিউল মিয়াকে (৩০) কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে ধরা হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, হত্যাসহ নৃশংস ও চাঞ্চল্যকর অপরাধ দমন, অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেফতারে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শামীম হত্যা মামলার তদন্তকে অগ্রাধিকার দিয়ে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়।
মামলার বিবরণে জানা যায়, ১১ নভেম্বর ২০২৫ তারিখ সকাল সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও এলাকার ভিকটিম শামীম তাদের বাড়ির উত্তর-পশ্চিম পাশে বাঁশের বেড়া মেরামত করছিলেন। এ সময় আসামি রবিউল অটোরিকশা উঠিয়ে বেড়ার একটি অংশ ভেঙে ফেলেন। ভিকটিম কারণ জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে “দেখে নেব” বলে চলে যান।
একই দিন সকাল ১০টার দিকে ভিকটিম তার চার বছরের মেয়ে সানজিলাকে নিয়ে দোকানে গেলে রবিউলসহ অন্যান্য আসামিরা পথ আটকে তাকে গালিগালাজ ও হুমকি দেয়। প্রতিবাদ করলে তাদের নির্দেশে একদল আসামি ভিকটিমকে এলোপাতাড়ি মারধর করে এবং শ্বাসরোধের চেষ্টা চালায়। এসময় রবিউল ধারালো অস্ত্র দিয়ে শামীমের বুকে আঘাত করলে তিনি মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্যরা উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে শামীম মারা যান। পরে থানায় জানানো হলে পুলিশ মরদেহ সুরতহাল সম্পন্ন করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৯, তারিখ: ১২/১১/২০২৫, ধারা: ১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০)।
হত্যার পর আসামিদের গ্রেফতারে র্যাব-৯ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ (সিপিসি-৩, সুনামগঞ্জ) এবং র্যাব-১১ (সিপিসি-২, কুমিল্লা) এর সমন্বয়ে ১৯ নভেম্বর ২০২৫ রাত ১১টা ৪০ মিনিটে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি রবিউল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতার রবিউল মিয়া, পিতা (মৃত) ইবারত মিয়া, গ্রাম গোহণীয়া, উপজেলা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ।
গ্রেফতারকৃত রবিউল মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে।