নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছর বয়সী শিশু রিফাতকে অপহরণের পর হত্যার ঘটনায় তার চাচা মাসুম বিল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাস কারাভোগ করতে হবে তাকে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মানিক মিয়া।
দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ (২৯) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রূপগঞ্জের দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করে আসছিলেন। নিহত শিশু রিফাতও একই এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তাদের গ্রামের বাড়িও একই এলাকায়।
আদালত সূত্র ও মামলার নথি অনুযায়ী, গত বছরের ৩০ মার্চ দুপুরে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিফাত বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরদিন ভোররাতে স্থানীয় একটি কারখানার পরিত্যক্ত কক্ষ থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মানিক মিয়া জানান, তদন্তে বেরিয়ে আসে, পারিবারিক সম্পর্কের সূত্রে চাচা মাসুম বিল্লাহ শিশুটিকে অপহরণ করে। পরে তিনি রিফাতের মায়ের মোবাইল ফোনে যোগাযোগ করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। নির্ধারিত টাকা না পাওয়ার পর শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়—বিচার চলাকালে সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে এসব অভিযোগ প্রমাণিত হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত মাসুম বিল্লাহ পিরোজপুরের একটি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।