নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি সরকারি করার দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দীর্ঘ ৩৩ বছর ধরে শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও বিদ্যালয়টি সরকারি না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের মিয়াবাড়ী-হাটাবো সড়কে বিদ্যালয়ের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান, শিক্ষক শাহিনুর বেগম, রুবিয়া আক্তার ও সোনিয়া আক্তারসহ অনেকে।
বক্তারা জানান, ভুলতা ইউনিয়নের ভায়েলা-মিয়াবাড়ী এলাকায় নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার দূরে হওয়ায় স্থানীয় শিশুদের শিক্ষার সুযোগ সহজ করতে ১৯৯২ সালে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। চার কক্ষের টিনশেড ঘরে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর ৩৩ বছর পার হলেও এখনো বিদ্যালয়টি সরকারি হয়নি।
তাদের দাবি, সরকারি না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমানে চারজন শিক্ষক দীর্ঘদিন ধরে কোনো বেতন ছাড়াই পাঠদান করছেন। বিদ্যালয়ে প্রায় আড়াইশ শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীর তুলনায় অবকাঠামো সুবিধা পর্যাপ্ত নয়। পুরোনো টিনশেড ভবনটিও দীর্ঘদিনের ব্যবহারে জরাজীর্ণ হয়ে পড়েছে।
বক্তারা আরও জানান, শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি বিবেচনা করে বর্তমান সরকারের পক্ষ থেকে বিদ্যালয়ে একটি পাকা শ্রেণিকক্ষ নির্মাণ করে দেওয়া হয়েছে। তবে বিদ্যালয়ের অন্য অংশ এখনো পুরোনো ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ফলে শ্রেণি কার্যক্রম পরিচালনায় শিক্ষক ও শিক্ষার্থীদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
মানববন্ধনে বক্তারা বিদ্যালয়টি দ্রুত সরকারি করার দাবি জানান। তারা বলেন, দীর্ঘ সময়ে একাধিকবার সরকার পরিবর্তন হলেও বিদ্যালয়টি সরকারি করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকার নিম্নআয়ের ও দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ অব্যাহত রাখতে বিদ্যালয়টি সরকারি করা প্রয়োজন।
পরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপজেলার গোলাকান্দাইল এলাকায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাসায় গিয়ে বিদ্যালয়টি সরকারি করার দাবি জানান। সেখানে সংসদ সদস্য শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
এ সময় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, শিশুদের লেখাপড়ার বিষয়টি বিবেচনা করে বিদ্যালয়ে একটি পাকা শ্রেণিকক্ষ নির্মাণ করে দেওয়া হয়েছে। বিদ্যালয়টি দ্রুত সরকারি করার উদ্যোগ নেওয়া হবে, যাতে দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।