চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পশ্চিম ডেঙ্গাপাড়ায় দরগাহ ভিটা একতা সংঘের যুবকদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বাদ মাগরিব দরগাহ ভিটা জামে মসজিদ মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরগাহ ভিটা একতা সংঘের উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য একরামুল হক। উদ্বোধক ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মুহাম্মদ খোরশেদ আলম। মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন পীরে তরিক্বত হযরতুল হাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী। প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল-কাদেরী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন দরগাহ ভিটা জামে মসজিদের খতিব আলহাজ্ব আব্দুল হাকিম বেলালী ও পেশ ইমাম মাওলানা হাসান মুরাদ। অনুষ্ঠানে বিশিষ্ট নাতখাঁ মোহাম্মদ ইমদাদুল হক (তাফহিম) কাদেরী নাতে রাসুল (সা.) পরিবেশন করেন। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ইসলামের শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। মাহফিলে এলাকার বিপুলসংখ্যক মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়। মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় দরগাহ ভিটা একতা সংঘ ও আয়োজন কমিটির পক্ষ থেকে গ্রামবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।