ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
সোমবার ৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন।
এর আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বিএনপি সূত্র জানিয়েছে, ঘোষিত তালিকা অনুযায়ী দেশের বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনীত প্রার্থীরা নির্বাচনি প্রস্তুতি শুরু করেছেন।