আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে ২৩৭টি আসনের প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়। মহাসচিব জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেসব আসনের নাম পরে জানানো হবে। পাশাপাশি শরিক দলগুলোর জন্য কিছু আসন উন্মুক্ত রাখার বিষয়েও আলোচনা হয়েছে।
এদিন মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেও বিএনপি প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করে। ঘোষিত প্রার্থীরা হলেন—
মৌলভীবাজার-১: নাসির উদ্দিন আহমেদ মীঠু
মৌলভীবাজার-২: সওকত হোসেন সকু,মৌলভীবাজার-৩: নাসের রহমান,মৌলভীবাজার-৪: মজিবর রহমান-এর আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয় এবং পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর আগে আগামী ডিসেম্বরে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে।
এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে।
ঘোষণা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিন আহমদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।