নেত্রকোনার কলমাকান্দায় মেয়েকে অপহরণ ও গুমের অভিযোগে মিথ্যা মামলা করায় মামলার বাদী মোজিবুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম ইমদাদুল হক এ রায় দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালে মোজিবুর একই গ্রামের খোকন মিয়ার বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগে মামলা করেন। পরে মোজিবুরের মেয়ে নিজেই বাড়ি ফিরে আদালতে জানান, তাঁকে কেউ অপহরণ করেনি। এ মামলায় খোকন প্রায় নয় মাস কারাভোগ করেন এবং ২০২৩ সালে খালাস পান।
পরে খোকনের করা মামলায় দীর্ঘ শুনানি ও ছয় সাক্ষীর সাক্ষ্যে মোজিবুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আদালত এ সাজা দেন।