ভোলা শহরের প্রানকেন্দ্র উকিল পাড়া গোরস্থান এলাকার সামনের একটি বাসা থেকে সুমাইয়া আক্তার মিতু নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) ভাড়া বাসা থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। তবে উদ্ধারের সময় গৃহবধূর স্বামীসহ কেউই বাড়ীতে ছিলো না।
জানা গেছে, ঐ বাড়ীতে ভাড়াটিয়া হিসাবে থাকতেন সুমাইয়া আক্তার মিতু ও তার স্বামী ব্যবসায়ী সোহাগ মিয়া। তাদের ২ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। নিহত গৃহবধূর বাড়ি দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ঘুইংগারহাটে এবং শ্বশুর বাড়ী একই উপজেলার চরখলিফা ইউনিয়নের মিয়ারহাটে।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মোঃ জিয়া উদ্দিন জানিয়েছেন, গৃহবধূর পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে তিনি মরদেহটি ভিকটিমের বিছানা থেকে উদ্ধার করেন এবং গলায় আঘাতের চিহ্ন দেখতে পান। গৃহবধূর পরিবারের দাবী মিতুকে তার স্বামী হত্যা করে পালিয়ে গেছে। তবে পুলিশ বলছে ময়না তদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এদিকে ঘটনার পরপরই নিহতের শাশুরি, ননদ ও স্বামী পলাতক রয়েছে। তাদের খুজে বের করতে চেস্টা করছে পুলিশ।