দিনাজপুরের বিরলে অবৈধ ড্রাম ট্রাকে বালু পরিবহনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের পুনর্ভবা নদীর সাকইর পয়েন্ট থেকে অবৈধভাবে ড্রাম ট্রাকে বালু পরিবহনকালে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে। খবর পেয়ে বিরল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।
পরবর্তীকালে তিনি ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ ধারা মোতাবেক অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নাজিম উদ্দীন, তিনি বিজোড়া ইউনিয়নের উত্তর বহলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল ইসলাম জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।