সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং লাখেরপাড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গত শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার পর গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) তানজিল আকন্দের নেতৃত্বে অভিযান চালিয়ে পূর্ব জাফলং ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল মান্নান (৪৩) কে আটক করা হয়।
গোয়াইনঘাট থানার নবনিযুক্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোয়াইনঘাট সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার দায়ের করা বালু উত্তোলন মামলার ভিত্তিতে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী গত ৪ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়। মামলায় মান্নানসহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, ইজারা বহির্ভূত এলাকায় যান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলনের কারণে মসজিদ, বসতবাড়ি ও জনসম্পদ হুমকির মুখে পড়েছে।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলন পরিবেশের ক্ষতি করছে এবং জনসম্পদও ঝুঁকির মধ্যে ফেলছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
তিনি জানান, অবৈধ উত্তোলন প্রতিরোধে যৌথ অভিযান আরও জোরদার করা হবে।