বরিশাল নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যান চলাচল আরও নির্বিঘ্ন করতে মেজর বটতলা এম. এ. জলিল সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সড়কটির বিটুমিনাস কাস্টিং (বিসি) দ্বারা উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বিকেল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার ও নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে এ পথে চলাচলকারী নগরবাসীর যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্য হবে। পাশাপাশি নগরীর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার গতি বাড়ার পাশাপাশি সড়ককেন্দ্রিক দীর্ঘদিনের ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে।
বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে মেজর বটতলা এম. এ. জলিল সড়কের এ উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।