সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর বিদ্যালয় থেকে মোট ৬০ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৬ জন ট্যালেন্টপুল এবং ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। সব মিলিয়ে ৫০ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জনের মাধ্যমে বিদ্যালয়টি উল্লাপাড়া উপজেলায় প্রথম স্থান অর্জনের গৌরব লাভ করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন রায় বলেন,
“এই অর্জন আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, বাড়তি যত্ন এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার কারণে এ সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের এ ধারা অব্যাহত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
একজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক বলেন,
“আমাদের সন্তানদের এমন সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়ের শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পড়াশোনা করিয়েছেন বলেই আজ এই ফলাফল এসেছে। আমরা বিদ্যালয়ের সকল শিক্ষককে আন্তরিক ধন্যবাদ জানাই এবং শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করি।”
বিদ্যালয়ের এ অসাধারণ সাফল্যে স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক ও সচেতন মহল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, আগামী বছরগুলোতেও উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ধরনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।