নেত্রকোনা জেলার বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনের চালকদের কাছ থেকে বিভিন্ন বাজার ও স্থানে টোল আদায়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি চালকদের হাতে থাকা একাধিক টোল রসিদের ছবিতে দেখা যায়, জেলার বিভিন্ন বাজার ও এলাকায় পৃথক পৃথকভাবে টাকা আদায় করা হচ্ছে।
প্রাপ্ত রসিদে দেখা যায়, গোপালপুর বাজার, আসমা বাজার, সেতুর বাজার গোয়াতলাসহ বিভিন্ন স্থানে গাড়ি চলাচলের জন্য নির্দিষ্ট অংকের টাকা নেওয়া হচ্ছে। এসব রসিদে ট্রাক, পিকআপ, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের জন্য আলাদা আলাদা টোল নির্ধারণ করা হয়েছে।
এছাড়া মোহনগঞ্জ পৌরসভা এলাকায় ভারী যানবাহন থেকে প্রতি গাড়ির জন্য ১০০ টাকা টোল আদায়ের রসিদও দেখা গেছে। অনেক চালক অভিযোগ করেন, এক জেলা বা সড়কে চলাচল করতে গিয়ে একাধিক স্থানে টোল দিতে হওয়ায় তাদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।
স্থানীয় চালকদের দাবি, একই পথে বারবার টোল আদায় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।