নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় ছাত্রদল নেতা ইব্রাহীম গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে তার বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় ইব্রাহীমকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে একটি গুলি বের করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় এলাকাবাসী ও দলীয় সূত্রের দাবি, বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা বর্তমানে পলাশ থানায় রয়েছি। প্রাথমিকভাবে যতটুকু তথ্য পেয়েছি, তাতে আমাদের ধারণা, পলাতক যুবলীগ নেতা দেলু বাহিনীর সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। বালু ভরাটকে কেন্দ্র করে বিরোধের জেরেই তারা এ হামলা চালিয়ে থাকতে পারে।”
তবে আলম মোল্লার এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।