দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার (১৩ জুন) কক্সবাজারের চকরিয়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে চকরিয়া-পেকুয়াজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইতোমধ্যে জনসভাস্থলসহ পুরো এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
প্রধানমন্ত্রী বিকেল ৪টায় চকরিয়া পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচি অনুযায়ী শনিবার সকাল পৌনে ১০টায় তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পরে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে মাছুয়াখালীতে “খাল” খনন কাজের উদ্বোধন করবেন। দুপুর সোয়া ১২টায় ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
এছাড়া বিকেল ১টায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রনেতা ওয়াসিম আকরামের পেকুয়ার মেহেরনামাস্থ কবর জিয়ারত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে নতুন মাতামুহুরী উপজেলা এবং নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল ৪টায় চকরিয়া বাস টার্মিনালে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী জনাব “তারেক রহমান”। আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ এমপি। সভায় সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক। জনসভা পরিচালনা করবেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম। সভায় জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
এদিকে শুক্রবার সন্ধ্যা ৫টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জনসভাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং পরে পেকুয়ার নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।