সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আল আমিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি বাজার পুরাতন ইউনিয়ন অফিস সংলগ্ন এরিয়ায় এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহারকান্দি বাজারের দোকানের পেছনের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল মোস্তফা মিয়া ও নূর হোসেন ওরফে খোকার মধ্যে। বুধবার সকালে নূর হোসেন ওরফে খোকা অনুসারীরা পরিকল্পিতভাবে শাহেদ ও আব্দুল মোতিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা করে। চিৎকার শুনে ঘুম থেকে উঠে ঘটনাস্থলে ছুটে যান আল আমিন। এ সময় রুহেল নামের এক যুবক তাকে দেশীয় অস্ত্র ‘সোলফি’ দিয়ে পিছন থেকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আল আমিনকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে নুর হোসেন ওরফে খোকা ও তার ছেলে রুহেল কে আটক করে ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম তালুকদার বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।