বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন এবং খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের উদ্যোগে ” ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও হালনাগাদ ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার আজ ২৮ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সর্বশক্তি নিয়োগ করে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ বাসযোগ্য খুলনা মহানগরী গড়ে তোলা হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসক সহ সংশ্লিষ্ট সকলকে আরো সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। এ পরিস্থিতিতে রোগীর ব্যবস্থাপত্র প্রদান, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং মশক নিধন কার্যক্রম ইতিমধ্যে জোরদার করা হয়েছে। তিনি বলেন, মাঠ পর্যায়ের সমস্যা গুলো দ্রুত সমাধানের জন্য প্রতিদিন দুই দফায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমাদের লক্ষ্য কার্যকর প্রতিরোধমুলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রোগীর সংখ্যা কমিয়ে আনা, যাতে হাসপাতালে রোগীর চাপ কম থাকে। জলাবদ্ধতা নিরসনের বিষয়টিকেও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে প্রশাসক বলেন, এ সমস্যা সমাধানে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি এবং ইতিমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। ডেঙ্গু মোকাবেলায় আগামীকাল থেকে নতুন উদ্যোমে এবং দ্ধিগুন শক্তি নিয়ে আরো বিস্তৃত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন খুলনা শাখার আহবায়ক প্রফেসর ডা: পরিতোষ কুমার রায়ের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: গোলাম মাসুদ, মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা: কাজী আইনুল ইসলাম, খুলনা মেডিকেল কলেজের উপাধাক্ষ্য অধ্যাপক ডাঃ সৈয়দ আমানুল ইসলাম ও হাসপাতালের উপ- পরিচালক ডা: সুজাত আহমেদ। স্বাগত বক্তব্যে রাখেন, বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন খুলনা শাখার সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক ( মেডিসিন) ডা: শেখ মোয়াজ্জেম হোসেন। ডেঙ্গু বিষয়ক কী- নোট পেপার উপস্থাপন করেন খুুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ( মেডিসিন) ডা: মো: নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা: মোঃ নাজমুল কবির, ও ডা: মোঃ কবীর উল ইসলাম। ধন্যবাদ জানান, অপসোনিন ফার্মা লিঃ এর ডেপুটি সেলস ম্যানেজার অসিম কুমার ভৌমিক।