কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ইংরেজি জাতীয় দৈনিক টাইমস অব বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরের মেহেরজান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাইমস অব বাংলাদেশ এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি নাব্বির আল নাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান বক্তা ছিলেন পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, একটি গণমাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতার বিষয় নয়, এটি নিজেদের কাজ ও দায়িত্ব মূল্যায়নেরও একটি সুযোগ। মানুষের কথা তুলে ধরা এবং সমাজের অসংগতি নিয়ে দায়িত্বশীলভাবে কাজ করাই সংবাদমাধ্যমের মূল দায়িত্ব। টাইমস অব বাংলাদেশ আগামী দিনে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধান বক্তা ইলিয়াস খান বলেন, সংবাদমাধ্যমের সবচেয়ে বড় শক্তি হচ্ছে পাঠকের বিশ্বাস। সেই বিশ্বাস ধরে রাখতে হলে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ, সব পক্ষের বক্তব্য তুলে ধরা এবং কোনো ধরনের পক্ষপাত এড়িয়ে চলা জরুরি। পরিবর্তিত সময়ে পাঠকের চাহিদা ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে টাইমস অব বাংলাদেশ আরও শক্তিশালী সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন, টাইমস অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হাসান, কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক রওশন আলী এবং ইফতেখার ফিরোজ।
বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। সংবাদ প্রকাশের ক্ষেত্রে পেশাগত সততা, তথ্যের যথার্থতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা বজায় রাখা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় সংবাদকে জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে জেলা প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তাঁরা উল্লেখ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন কেইউজে’র দপ্তর সম্পাদক ও এশিয়া পোস্ট-এর কুষ্টিয়া প্রতিনিধি এস এম মাহফুজ উর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জিটিভি ও আগামীর সময়ের কুষ্টিয়া প্রতিনিধি কাজী সাইফুল।
এসময় টাইমস অব বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রজ্ঞা সর্বজয়া,মিরপুর উপজেলা প্রতিনিধি আহসান হাবীব, ডেইলি স্টারের কুষ্টিয়া সংবাদদাতা আনিস মন্ডল, ভোরের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার নুর আলম দুলাল, ভোরের আকাশ এর কুষ্টিয়া প্রতিনিধি হাসনাত রাব্বু, ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল আলম ইভান,সাপ্তাহিক পথিকৃৎ এর ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, জি লাইভের কুষ্টিয়া প্রতিনিধি মিরাজুল ইসলাম, দৈনিক ঘোষণা’র কুষ্টিয়া প্রতিনিধি শরিফুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।