মৌলভীবাজারের কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থী এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে বেগম নুরজাহান মেমোরিয়াল ট্রাস্ট ও লায়ন ইঞ্জিনিয়ার বশির উদ্দীন আহমেদের সৌজন্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সহকারী অধ্যাপক আব্দুল মুমিত চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক ফরিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল। প্রধান বক্তা ছিলেন মানবকল্যাণ সোসাইটির সিনিয়র সহসভাপতি ও লন্ডনপ্রবাসী আব্দুল মামুন চৌধুরী লিটন। স্বাগত বক্তব্য দেন বেগম নুরজাহান মেমোরিয়াল ট্রাস্টের সমন্বয়ক আব্দুল হক চৌধুরী সায়েস্তা।
এ ছাড়া বক্তব্য দেন ব্যবসায়ী স্বপন দেবনাথ, আব্দুল আহাদ ও জাহাঙ্গীর সাজু। অনুষ্ঠানে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা, সাংবাদিকতা ও সাহিত্যে অবদানের জন্য বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নীহারেন্দু ভট্টাচার্য্য, সাংবাদিক পিন্টু দেবনাথ এবং কবি ও সাহিত্যিক আব্দুল হাই ইদ্রিসীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সাংবাদিক শায়েক আহমদের হাতেও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের আদর্শ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে গুণীজনদের সম্মান জানানোর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সামাজিক ও মানবিক মূল্যবোধ বিকশিত হবে।
পরে সংবর্ধিত অতিথি ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় নির্যাতিত সাংবাদিক আব্দুল বাসিদ খান ও রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হাম্মাদ কামরানসহ অনেকে উপস্থিত ছিলেন।