মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা–৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাতীদল ও জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার মুন্সিবাজারস্থ কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে রহিমপুর ইউনিয়ন সমন্বয় কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আতাউর রহমান নজরুল এবং সঞ্চালনা করেন আজিজুর রহমান কয়েস ও শাহরিয়ার চৌধুরী লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা বিএনপির সদস্য লোকমান হোসেন চৌধুরী, ইলিয়াছ মিয়া ও আহমদুর রহমান খোকন।
এছাড়া বক্তব্য দেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মবশ্বীর আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মিছির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম তৈয়ব, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুনায়েদ আব্বাসী দিনার প্রমুখ।
সভায় রহিমপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনার সৃষ্টি হয়।