আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, ষড়যন্ত্র ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল।
মঙ্গলবার সকালে টঙ্গী পশ্চিম থানা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি টঙ্গী কলেজ গেট এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোসেন মার্কেটে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু। তাদের নেতৃত্বে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে মোকাবিলা করা হবে। তারা আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা বা নৈরাজ্যের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নেতৃবৃন্দ দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
এ সময় টঙ্গী পশ্চিম থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে টঙ্গী কলেজ গেট থেকে হোসেন মার্কেট পর্যন্ত এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে মুখর হয়ে ওঠে।