গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশে সাংবাদিকদের ওপর সকল হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু বিচারের আহ্বান জানানো হয়।বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সিংগাইর পৌর শহরের ভাষা শহীদ রফিক সড়কে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন ও সদস্য সচিব সুজন মোল্লা। তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক খুন ও নির্যাতনের ঘটনা ঘটলেও এখনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হয়নি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার বড় উদাহরণ।
বক্তারা আরও বলেন, তুহিন হত্যাকাণ্ড শুধু ব্যক্তিগত আঘাত নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর বর্বর হামলা। তারা দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় বাংলা টিভির রেজাউল করিম, রাজধানী টিভির আবুল কালাম আজাদ, এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক মুক্ত খবরের আসলাম হোসেন, আই টিভির আ. গফুর, বাংলাদেশ বুলেটিনের মাহমুদুল হাসান, আনন্দ টিভির মোশারফ মোল্লা, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুল ইসলাম, মোভি বাংলা টিভির ছানোয়ার হোসেন, নববণীর কামরুল হাসান ও ভোরের আওয়াজের সাকিব হাসানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।