লালমনিরহাটে গোপন বৈঠক ও অনলাইনে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগে পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মজিবর রহমান টুলুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর রাতে লালমনিরহাট শহরের চাঁদনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের একটি বিশেষ দল। গ্রেপ্তারকৃত টুলু পৌরসভার নামাটারী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।
লালমনিরহাট সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চাঁদনী বাজার এলাকায় একটি চক্র জমায়েত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে জুম (Zoom) অ্যাপের মাধ্যমে নাশকতার পরিকল্পনা সংক্রান্ত সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে। পাশাপাশি তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দলীয় পক্ষে জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে—এমন বেশ কিছু উসকানিমূলক পোস্টের প্রমাণ পাওয়া গেছে।
ওসি সাদ আহম্মেদ আরও জানান, গ্রেপ্তারকৃত মজিবর রহমান টুলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।